কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (প্রায় ৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুশল/সাএ
