ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধের পক্ষে নন শিবির সভাপতি


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ না করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি ‘কোড অব কনডাক্ট’ বা আচরণবিধির মাধ্যমে তা পরিচালনা করা উচিত। শিক্ষার্থীরা নিজেদের রাজনৈতিক আদর্শ ও দর্শন তুলে ধরার সুযোগ পাবেন, তবে কোনো সংগঠন কাউকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করতে পারবে না।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ৬১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘Freshers’ Reception & Career Guideline Program 2026’ অনুষ্ঠানে এসব কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে তিনি নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, “মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা নয়, বরং তা নিরাময় করতে হবে।” এ বিষয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে কিছু দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, প্রতিটি রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের সামনে তাদের আদর্শ ও রাজনৈতিক দর্শন তুলে ধরতে পারে। এরপর কোনো শিক্ষার্থী সেই আদর্শ গ্রহণ করবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার থাকা উচিত। তবে কোনো শিক্ষার্থীকে জোর করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের স্বার্থে কাজ করানো যাবে না।

দলীয় স্বার্থে ছাত্রসংগঠনগুলোর ‘লেজুড়বৃত্তিক রাজনীতি’ প্রসঙ্গে তিনি বলেন, এটি স্বাভাবিক বিষয় হলেও এর মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেন, দেশের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পুরো সমাজ ও মানুষের ওপর পড়ে। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, সে বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন হতে হবে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি স্বাধীন ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব নয়।

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে এখনো অনেক পিছিয়ে আছে উল্লেখ করে শিশির মনির বলেন, এর অন্যতম কারণ দক্ষ ও জ্ঞানভিত্তিক জনশক্তির ঘাটতি। দেশকে এগিয়ে নিতে শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে।

প্রচলিত ছাত্ররাজনীতির সমালোচনা করে তিনি বলেন, শুধু রাজনৈতিক স্লোগাননির্ভর কর্মকাণ্ডের পরিবর্তে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিশির মনির বলেন, কোনো রাজনৈতিক সংগঠন যাতে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা অর্জনের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ নিজেদের মতো করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *