খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মনজুরুল ইসলাম ওই এলাকার খোকনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিতি ছিল। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না। সন্ধ্যায় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আরিফুর রহমান/এএইচ/জেআইএম
