গাজা নিয়ে সিনেমা থেকে ইউক্রেন, রাশিয়া ও দমন-পীড়নের গল্প, কী থাকছে এবারের ভেনিসে
রবার্ট প্যাটিনসন, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজ, হাভিয়ের বারদেম—পরিচিত মুখের অভাব নেই। কিন্তু এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের বড় আকর্ষণ সম্ভবত কোনো তারকা নন। আলোচনার কেন্দ্রে এবার যুদ্ধ, রাজনীতি, ক্ষমতা আর অস্থির পৃথিবীর গল্প। আজ থেকে শুরু হতে যাওয়া পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ এই চলচ্চিত্র আসরে এবার হলিউডের বড় স্টুডিও ও স্ট্রিমিং প্রতিষ্ঠানের উপস্থিতি তুলনামূলক কম। সেই শূন্যস্থান পূরণ করছে স্বাধীন চলচ্চিত্র, আর্টহাউস সিনেমা ও ভারী রাজনৈতিক বিষয় নিয়ে তৈরি তথ্যচিত্র। উৎসবের শিল্প পরিচালক আলবের্তো বারবেরা একে ভেনিসের সবচেয়ে রাজনৈতিক আসর হিসেবে বর্ণনা করেছেন। ভেনিস উৎসবে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
শুরুতেই রুপার্ট মারডকের গল্প
উৎসবের উদ্বোধনী ছবি ‘ইঙ্ক’। ছবিটি পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েল। ছবির বিষয় প্রভাবশালী ডানপন্থী মিডিয়া মোগল রুপার্ট মারডক। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ৯৫ বছর বয়সী মারডকের গণমাধ্যম সাম্রাজ্যের উত্থানের শুরুটা তুলে ধরেছেন বয়েল। বিশেষ করে ১৯৬৯ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে তাঁর প্রবেশ এবং ট্যাবলয়েড দ্য সান কেনার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। মারডক ও তাঁর পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক আলোচনায় এসেছে। তাঁর পরিবারকে ঘিরে নির্মিত কাল্পনিক সিরিজ সাকসেশনও পেয়েছিল বিপুল জনপ্রিয়তা।
চার ঘণ্টার ‘মাস্ক’
এবারের সবচেয়ে আলোচিত তথ্যচিত্রগুলোর একটি ‘মাস্ক’। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে প্রায় চার ঘণ্টার এই তথ্যচিত্র তৈরি করেছেন অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি। সামরিক নির্যাতন ও দুর্নীতির মতো বিষয় নিয়ে কাজ করা গিবনি এবার ক্যামেরা ঘুরিয়েছেন প্রযুক্তি জগতের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বের দিকে। ছবিটি নিয়ে অবশ্য মুক্তির আগেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক। গত মাসে এক্সে তিনি লিখেছিলেন, নিশ্চিতভাবেই এটি ‘সুনাম নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে’।
