গাজীপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল গুলিসহ আটক ১
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও পিস্তলসদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তলসহ জাহিদ হাসান (১৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে গাজীপুরের পোড়াবাড়ী র্যাব-১ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পোড়াবাড়ী কোম্পানির স্কোয়াড কমান্ডার এএসপি দেবজিৎ পাল।
তিনি জানান, সোমবার ভোর ৪টার দিকে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব-১-এর একটি আভিযানিক দল বানিয়ারচালা গ্রামে জাহিদ হাসানের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ থেকে এসব অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
আটক জাহিদ হাসান গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকার ইলিয়াছ মিয়ার ছেলে।
র্যাব জানায়, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। এছাড়া গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ চলছিল। নিজের দলে লোকজন যোগদানের জন্য অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে র্যাব জানতে পারে, জাহিদ হাসান বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছিলেন।
অভিযানে তার শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি খেলনা এয়ারসফট পিস্তলও উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে সেগুলো নিজের হেফাজতে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—এসব বিষয় জানতে তদন্ত চলছে।
এদিকে, আটক জাহিদ হাসানের বিরুদ্ধে এর আগেও মামলা ও গ্রেপ্তারের তথ্য রয়েছে। চলতি বছরের ৩১ মে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও মেম্বারবাড়ী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগে দেশীয় অস্ত্রসহ ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য তিনজনের মধ্যে জাহিদ হাসানও ছিলেন।
এর কয়েক মাসের মধ্যেই আবারও অস্ত্রসহ র্যাবের হাতে আটক হওয়ায় স্থানীয় এলাকায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে এএসপি দেবজিৎ পাল জানান, জাহিদ হাসানের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বাপ্পি/সা.এ
