গ্রামবাসীর ধাওয়ায় অস্ত্র ফেলে পালাল বিএসএফ, ফেরত দিল বিজিবি


লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ফেলে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ আগস্ট) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। এর আগে, গতকাল সন্ধ্যায় উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন বাংলাদেশি কৃষক নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ও মারধর করে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে গ্রামবাসী একত্রিত হয়ে ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়। পরে বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরিস্থিতি তদারকিতে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

ওই দিন সন্ধ্যায় সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে আয়োজিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করলে বিজিবি তাদের উদ্ধারকৃত অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফের বেআইনিভাবে সীমান্ত অতিক্রম ও স্থানীয় বেসামরিক নাগরিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর বিষয়টি কঠোর ভাষায় তুলে ধরা হয়। জবাবে বিএসএফ কমান্ড্যান্ট অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার এবং জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে বিজিবির উদ্ধার করা অস্ত্র ও ওয়াকিটকি সেট নির্ধারিত সরকারি ও প্রশাসনিক প্রক্রিয়া মেনে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *