চলন্ত মোটরসাইকেলে দুই হাত ছেড়ে ভিডিও, প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের


প্রকাশিত: ১৬:৫৩, ১৭ আগস্ট ২০২৬  
আপডেট: ১৭:০২, ১৭ আগস্ট ২০২৬


গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

চলন্ত মোটরসাইকেলে দুই হাত ছেড়ে ভিডিও, প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের


গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাওন মিয়া বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেন। তিনি দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালাতেন, অন্যরা সেটা ভিডিও করতেন। পরে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করা হতো।

সোমবার সকালে একইভাবে ভিডিও তৈরি করছিলেন শাওন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাওন মারা যান।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক রনি বলেন, শাওন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে ভিডিও বানাতেন। সোমবার একই ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন। পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ঢাকা/মাসুম/রাজীব





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *