জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এই হারের ফলে টুর্নামেন্টের পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে যুবারা। সেই ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ জাপান।
বুধবার চীনের মোকি শহরে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় পাকিস্তান। ৯ মিনিটে রানা ওয়ালিদের ফিল্ড গোলে এগিয়ে যাওয়ার পর ১২ মিনিটে আবারও গোল করেন তিনি।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে অবশ্য নিজেদের রক্ষণ সামলে লড়াইয়ে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। পাকিস্তানের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
৫২ মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে পাকিস্তান। মোস্তফা গুলাম ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ।
গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নেওয়ার পর আজকে আবার হারের তিক্ত স্বাদ পেল তারা।
শুক্রবার জাপানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলে যুব বিশ্বকাপে খেলার টিকিট মিলবে।
জাপান ম্যাচকে তাই ডু অর ডাই হিসেবে দেখছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মওদুদুর রহমান শুভ। তিনি বলেন, আমরা জাপানের বিপক্ষে জয় ছাড়া আর কিছু ভাবছি না। শেষ ম্যাচে কোনো ভুল করা যাবে না। আমরা আশাবাদী। এখনো টিকে আছি এবং জাপানকে হারিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার চেষ্টা করব।
বাংলাদেশ জার্নাল/জে
