টিকটক ভিডিও নিয়ে বিরোধ, চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক নারীর টিকটক ভিডিও করা নিয়ে বিরোধের জেরে সাব্বির মল্লিক (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী হাসিব হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত যুবক।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার খাদেমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামের হঠাৎপাড়া মাঠে এ ঘটনা ঘটে। আহত সাব্বির মল্লিক ওই গ্রামের রুহুল আলী মল্লিকের ছেলে। অভিযুক্ত হাসিব হোসেন একই গ্রামের আজিম উদ্দীনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাসিব হোসেন সৌদি আরবে থাকাকালে তার স্ত্রী নুপুর খাতুনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করা নিয়ে সাব্বিরের সঙ্গে বিরোধ তৈরি হয়। প্রায় দুই মাস আগে সাব্বির নুপুরকে টিকটক ভিডিও করা থেকে বিরত থাকতে বলেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি হাসিব দেশে ফেরেন।
রোববার বিকেলে সাব্বির ধান মাড়াইয়ের মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় হাসিব ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে তার পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর রাতে সাব্বির বাদী হয়ে হাসিব হোসেনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএসআর/
