ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, প্রাধ্যক্ষকে অবরুদ্ধ ও মারামারির ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে হল সংসদের নেতাদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘উপাচার্যের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্য ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ করতে সেখানে গিয়েছিলেন। সেখানে হল সংসদের নেতারা দাবি করেন, ফুটেজের একটি কপি তাঁদের দিতে হবে। পরবর্তীতে কেন তালা খোলা হলো, কেন নেওয়া হবে—এসব কথায় বাদানুবাদ হয় এবং আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তাঁরা সিদ্ধান্ত নেন যে তাঁদের এক কপি না দিয়ে এখান থেকে যাওয়া যাবে না।’
তদন্ত শেষ হওয়ার আগে সিসিটিভি ফুটেজ প্রকাশ বা অন্য কারও কাছে হস্তান্তরের সুযোগ নেই বলে জানান প্রক্টর ইসরাফিল রতন। তিনি বলেন, ‘আমরা ভিডিও ফুটেজটি কপি করেছি। কিন্তু এটা আমরা সংগ্রহ করেছি তদন্তের স্বার্থে। কোনো অভিযোগ আসলে এটা কি তদন্তের আগে জনসমক্ষে আনা যায়? আর এটা তো ক্লিপ নয়, এটি বড় একটি অংশ। অনেক ঘটনা তো ঘটে গেছে এই কয়েক দিনে।’
পরবর্তী সময়ে হল সংসদের নেতাদের বিষয়টি বুঝিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন।
