তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম গতিশীল করতে ঢাবিতে ৭ সদস্যের কমিটি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরো জোরদার, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই এবং এ বিষয়ে সুপারিশ প্রণয়নে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে, চীনা, জাপানি, কোরিয়ান, আরবি, ফরাসি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আধুনিক ভাষা ইনস্টিটিউটের বর্তমান সক্ষমতা পর্যালোচনা করা হয়।

এছাড়া, বর্তমান সরকারের ভাষা শিক্ষা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ইনস্টিটিউটে নতুন কর্মসূচি প্রণয়ন, বিদ্যমান কার্যক্রম আধুনিকায়ন, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং তৃতীয় ভাষা শিক্ষাদানে দেশে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরির বিষয়েও আলোচনা হয়।

সভায় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের মানুষের চাহিদা বাড়াতে ভাষাগত দক্ষতা অর্জন জরুরি। এ কারণে বর্তমান সরকার তৃতীয় ভাষা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।”

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনবল পাঠানোর বিষয়টি বিবেচনায় নিয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তৃতীয় ভাষা বিষয়ে স্বল্পমেয়াদি ও সার্টিফিকেট কোর্স সম্প্রসারণের কথাও বলেন উপাচার্য।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে আগ্রহী তরুণদের তৃতীয় ভাষায় দক্ষ করে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *