থাইল্যান্ডে নেমেই মারামারি, মার্কিন রণতরির দুই নাবিককে জাহাজে ফেরত
ইরান যুদ্ধে মোতায়েনসহ টানা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের বন্দরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। তবে থাইল্যান্ডে পৌঁছানোর পর অবকাশযাপনে গিয়ে মদ্যপ অবস্থায় মারামারিতে জড়ানোর অভিযোগে দুই মার্কিন নাবিককে জাহাজে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোরে থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ার ওয়াকিং স্ট্রিটের কাছে একটি পানশালার সামনে ওই দুই নাবিকের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে তারা উচ্চস্বরে চিৎকার ও মারামারি শুরু করলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাতায়া সিটি পুলিশের প্রধান কর্নেল আনেক শ্রাথংইউ এএফপিকে বলেন, দুই নাবিকই মদ্যপ ছিলেন এবং তারা পরস্পরের সঙ্গে মারামারি করছিলেন। সংঘর্ষটি বড় আকার ধারণ করতে পারে—এমন আশঙ্কা থেকেই স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, পরে দুই নাবিককে পাতায়ার হ্যার্ড রক হোটেলে থাকা যুক্তরাষ্ট্র-থাইল্যান্ডের যৌথ অপারেশন সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাদের ইউএসএস আব্রাহাম লিংকনে ফেরত পাঠানো হয়। থাইল্যান্ডের কোনো আইন ভঙ্গের অভিযোগ না থাকায় তাদের বিরুদ্ধে মামলা বা কোনো চার্জ গঠন করা হয়নি।
পরিচয় প্রকাশ না করা ওই দুই নাবিককে রণতরিটির থাইল্যান্ডে পাঁচ দিনের অবস্থানের বাকি সময় জাহাজেই থাকতে হবে।
২৮৬ দিন পর বন্দরে
নিমিটজ শ্রেণির বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন বুধবার থাইল্যান্ডের লেম চাবাং বন্দরে পৌঁছায়। প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন নিয়ে রণতরিটির এই সফরকে দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকার পর বিশ্রাম ও বিনোদনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় অবকাশকেন্দ্র পাতায়ায় মার্কিন নৌবাহিনীর সদস্যদের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ও পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। তবে দুই নাবিকের মারামারির ঘটনা ছাড়া রণতরি পৌঁছানোর পর বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পাতায়া পুলিশের প্রধান জানান, ওই ঘটনার পর আর উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি।
রণতরির দীর্ঘ মোতায়েন নিয়ে উদ্বেগ
টানা ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের কারণে ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে আগেই আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘ এই মোতায়েনের সময় রণতরিটিতে খাদ্যসংকট, প্লাম্বিং ব্যবস্থা নষ্ট হওয়া এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার অভিযোগ ওঠে। কয়েকজন নাবিকের আত্মহত্যার চেষ্টার খবরও প্রকাশিত হয়েছে।
এসব অভিযোগের পর মার্কিন আইনপ্রণেতারা রণতরিটির পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব উদ্বেগ নাকচ করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও রণতরিটির নাবিকদের প্রশংসা করেছেন।
ইরান যুদ্ধে দীর্ঘ সময় মোতায়েন থাকার পর থাইল্যান্ডে ইউএসএস আব্রাহাম লিংকনের সফরকে নাবিকদের বিশ্রামের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। রণতরিটির প্রায় ৫ হাজার সদস্যকে কয়েক দিনের জন্য পাতায়ায় অবকাশ কাটানোর সুযোগ দেওয়া হয়েছে।
কুশল/সাএ
