দিল্লিতে প্রবল বৃষ্টিতে বিমানবন্দরে জমে গেছে পানি
ভারী বর্ষণের পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গেটগুলোতে জমে গেছে বিপুল পরিমাণ পানি। যাত্রীদের বাধ্য হয়ে সেই পানির মধ্যে দিয়ে তাদের লাগেজ ট্রলি ঠেলে বিমানবন্দরে প্রবেশ করতে হচ্ছে। শুক্রবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
যাত্রী মানসি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “আমি এমন কিছু আগে কখনো দেখিনি; এত পানি! আমি প্রায় আধ ঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি পানির স্তর কিছুটা কমার জন্য অপেক্ষা করছি যাতে আমি আগমন গেটের দিকে যেতে পারি।”
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, যাত্রীরা প্যান্ট গুটিয়ে সেই পানির মধ্যে দিয়ে তাদের লাগেজ ট্রলি ঠেলে প্রবেশ গেটের দিকে যাচ্ছেন।
হিমাংশী নামে এক যাত্রী বলেন, “প্রচুর পরিমাণে পানি জমে আছে। আমি প্রায় আধ ঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি।”
আরেক যাত্রী বলেন, “প্রায় দু’বছর আগে একবার এমনটা হয়েছিল, আর এখন এই বছর আবার তা হতে দেখছি। এই বছর বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে। যেহেতু আজ জন্মাষ্টমী, তাই পূজার উৎসবও চলছে।”
ভারী বৃষ্টিপাতের ফলে দিল্লির বেশ কয়েকটি অংশে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতি তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, পালামে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে ৩ দশমিক ৪ মিলিমিটার এবং নজফগড়ে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিটের মধ্যে শূন্য দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
