দীপু মনির প্রিজন ভ্যানের পেছনে ছুটে চলা তরুণকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের জানাজার পর এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তরুণের নাম আল রাফি প্রত্যয় (১৯)। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গুলশান থানা পুলিশ।
বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুরে গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেত্রী দীপু মনিও ওই সময় মসজিদ প্রাঙ্গণে ছিলেন।
গুলশান থানার এসআই মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ অগাস্ট রাতে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
“ওই সময় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা হয়, প্রত্যয়কে সন্দেহজনক হিসেবে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”
প্রত্যয় ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানান এসআই মফিজুর রহমান।
জাহিদ হাসান নামের এক সংবাদকর্মী প্রত্যয়ের গ্রেপ্তারের ঘটনার বর্ণনা দিয়ে ফেইসবুকে লিখেছেন, “কর্মীরা মনে হয় এমনই হয়। গন্তব্য অজানা তবুও তারা দুঃসাহসিক!
“গুলশান আজাদ মসজিদের কাছে দীপু মনির প্রিজনভ্যান ঘিরে মোজো সাংবাদিকেরা। মাঝেখানে কিছু তরুণ ছুটছে প্রিজনভ্যানের পিছে। এসময় দীপু মনির স্বামীর মরদেহবাহী গাড়ি বনানীর উদ্দেশে রওনা দিলে দিপু মনিকে বহন করা প্রিজনভ্যানও ছুটছে তখন। কয়েকজন তরুণ বলছে চিৎকার দিয়ে, আপা কোনো চিন্তা করবেন না। আমরা আছি, কোনো চিন্তা করবেন না। ”
তিনি লিখেছেন, “দিপু মনি ভেজা চোখে এই ছেলেটার দিকে কৌতূহলী চাহনি দেন। ছেলেটা তখন বলে উঠেছে, আপা, জয় বাংলা। দিপু মনির প্রিজনভ্যান ছুটছে। মুহর্তে পুলিশ ছো মেরে ছেলেটা ধরে ফেলছে। আমরা সাংবাদিকেরা দাঁড়ানো। ওরে টেনে নিয়ে যাওয়ার ভিডিওটা করেছি। পুলিশ ওরে টানছে আর বলছে, তুই কী করিস, জয় বাংলা বললি কেন। বাড়ি কই?”
অভিনেত্রী রোকেয়া প্রাচী তার ফেইসবুকে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এই তরুণকে দুই পুলিশ সদস্য ধরে নিয়ে যাচ্ছে।
আরেকটি ভিডিওতে দেখা যায় দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানের পেছনে অনেকের সঙ্গে প্রত্যয়ও দৌড়াচ্ছেন। সেখানে প্রত্যয়কে বলতে শোনা যায়, “আপা আপনাকে আবার শিক্ষামন্ত্রী চাই, আপা ডিসেম্বরের আগে একটা ফয়সালা হবে।”
মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান তৌফীক নাওয়াজ, তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
