নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের


যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের নাম ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ইচ্ছার কথা জানান।

আল এরাবিয়া নিউজ লিখেছে, প্রতিবেশী কানাডার সঙ্গে বাণিজ্য সংঘাতের মধ্যে ‘লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করার আদেশে সই করার কয়েক দিন পরই ট্রাম্পের এই নতুন প্রস্তাব এল।

তবে অঙ্গরাজ্যটির গভর্নর শুরুতেই তার এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, “অনেকে নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন। সম্ভাবনাময় ওই রাজ্যের মানুষের জন্য এটি অনেক বেশি মর্যাদাপূর্ণ ও সুন্দর হবে। দারুণ, বিষয়টি আমার ভীষণ পছন্দ হয়েছে!”

ট্রাম্পের এই বার্তার পরপরই হোয়াইট হাউজ একটি ছবি পুনঃপ্রকাশ করে, যেখানে ‘নিউ মেক্সিকো’ শব্দটির মেক্সিকো অংশ কেটে দিয়ে ‘আমেরিকা’ লেখা দেখা যায়।

বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইন্টারনেটে চলা একটি ভুয়া পোস্ট বা ইন্টারনেট ট্রোল থেকেই মূলত এই ধারণার উৎপত্তি।

তবে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যটির গভর্নর মিশেল লুহান গ্রিশাম বলেন, “নাম পরিবর্তনের বিষয়ে কোনো আলোচনারই সুযোগ নেই, যুক্তরাষ্ট্র গঠিত হওয়ার আগে থেকেই এটি আমাদের নাম।”

উচ্চমুখী জ্বালানি মূল্যের মতো অভ্যন্তরীণ সংকট থেকে যুক্তরাষ্ট্রের মানুষের নজর ঘোরাতে ট্রাম্প এই বিতর্ক তৈরি করছেন বলে অভিযোগ তোলেন গ্রিশাম।

একের পর এক স্থান ও জলসীমার নাম বদলানোর প্রবণতা নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন ট্রাম্প।

ইরান যুদ্ধের মধ্যে গত সপ্তাহে ‘হরমুজ প্রণালি’র নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, যদিও কয়েক ঘণ্টা পর জানান বিষয়টি নিয়ে তিনি অতটা গুরুত্ব দিচ্ছেন না।

এর আগে ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফিরেই ‘মেক্সিকো উপসাগর’কে ‘আমেরিকা উপসাগর’ হিসেবে নামকরণের ঘোষণা দিয়েছিলেন তিনি।

তবে কানাডা ও মেক্সিকো উভয়ই ট্রাম্পের একক সিদ্ধান্তে এমন নামকরণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *