নেত্রকোণায় বাস-টমটম সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
নেত্রকোণায় বাস-গরুবাহী টমটমের সংঘর্ষে মোহন মিয়া (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের চালক আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহন মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ড্রিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নেত্রকোণাগামী গরুবাহী টমটমের সঙ্গে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা মোহন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন টমটমের চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নেত্রকোণা সদর থানার ওসি আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
