নেপালে বন্যা-ভূমিধস: অপুদের দেশে ফেরার প্রস্তুতি, আটকে আছেন তাসরিফ


আকস্মিক বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত নেপাল। দেশটির হিমালয় অঞ্চলের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন বিপুলসংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে নেপালে অবস্থান করা বাংলাদেশের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীদের নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে নেপালে শুটিং করতে যাওয়া ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে রয়েছে। সিনেমাটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, অপু বিশ্বাসসহ শুটিং ইউনিটের সবাই ভালো আছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বন্ধুদের সঙ্গে নেপাল ভ্রমণে যাওয়া কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান সেখানে আটকা পড়েছেন।

আগস্টের শুরু থেকে নেপালের বিভিন্ন লোকেশনে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। সিনেমাটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, মুরতজা পলাশ, মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।

নেপালের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের খবর ছড়িয়ে পড়ার পর ‘শিকার’ সিনেমার শিল্পী-কলাকুশলীদের নিয়ে ভক্ত ও স্বজনদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। পরে নির্মাতা জানান, শুটিং ইউনিটের সবাই নিরাপদে আছেন। নির্ধারিত ফ্লাইটে আজই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বর্তমানে পোখারায় অবস্থান করছেন অপু বিশ্বাস। বন্যার প্রভাব তাদের শুটিং এলাকায় তেমন পড়েনি জানিয়ে তিনি বলেন, ‘আমরা পোখারাতে আছি। নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব।’

দেশে ফিরে সন্তানকে কাছে পাওয়ার জন্য দোয়া চেয়ে অপু আরও বলেন, ‘সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

নেপালের বন্যার খবর প্রকাশের পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও প্রিয়জন তাদের ফোন ও বার্তার মাধ্যমে খোঁজ নিয়েছেন বলেও জানান অপু। তিনি বলেন, সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি হৃদয় থেকে কৃতজ্ঞ।

এদিকে বন্ধুদের নিয়ে নেপালে বেড়াতে গিয়ে আকস্মিক বন্যার কারণে আটকা পড়েছেন তাসরিফ খান। এক ভিডিও বার্তায় নেপালের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন তিনি।

তাসরিফ বলেন, ‘নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যার কারণে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা শুধু বাড়ার সংবাদ আসতেছে। আমরা নিরাপদেই আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এই মুহূর্তে চাইলেও দেশে ফিরতে পারছেন না বলে জানান তাসরিফ। তিনি বলেন, ‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারব না। আমরা যে রাস্তা দিয়ে যাব, একটু আগে খবর পেলাম এই রাস্তায় আজ (২৬ আগস্ট) সকালে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সরকারিভাবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, তাই আমরা চাইলেও দেশে ফিরতে পারতেছি না।’

পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তাসরিফ। অন্যদিকে ‘শিকার’ সিনেমার শিল্পী-কলাকুশলীরা নিরাপদে থাকায় স্বস্তি ফিরেছে তাদের পরিবার ও ভক্তদের মধ্যে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজই দেশে ফেরার কথা রয়েছে অপু বিশ্বাসসহ সিনেমাটির পুরো টিমের।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *