পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ১৪
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি থানায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। রবিবার সোয়াতের কাবাল থানায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।
সোয়াত পুলিশের মুখপাত্র নাসির ইকবাল করিমি ডনকে জানিয়েছেন, বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, সোয়াত পুলিশের উপ-মহাপরিদর্শক ফিদা হুসেন এএফপিকে জানিয়েছিলেন, হামলায় চার পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী সাইদু শরীফ টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোয়াত জেলা পুলিশ অফিসার (ডিপিও) উমর খানের মতে, আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায় যখন পুলিশ কর্মীরা তাকে থামানোর চেষ্টা করে এবং তাকে থানার প্রবেশদ্বারে তল্লাশি করে।
তিনি বলেছেন, “নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং আরো প্রমাণ সংগ্রহের জন্য তদন্ত চলছে।”
কাবাল থানার গেটের কাছে এই বিস্ফোরণটি ঘটে যখন সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কয়েকশ লোক নিকটবর্তী কাবাল চকে একটি বিক্ষোভে অংশ নিচ্ছিল।
এই বিক্ষোভে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন এবং শেষ বক্তা যখন জনতার উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন, ঠিক তখনই হামলাটি ঘটে। এ ঘটনায় বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।
