পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেইনে আলোচনার প্রস্তুতি মার্কিন দূতদের
যুদ্ধ বন্ধের প্রশ্নে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠকের পর দুই মার্কিন দূত ইউক্রেইনেও ‘একই ধরনের ফলপ্রসূ বৈঠকের’ আশা করছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
হোয়াইট হাউজ জানিয়েছে, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রোববার কিইভে পৌঁছাবেন। এর আগে শনিবার তারা পুতিনের সঙ্গে ‘পরবর্তী পদক্ষেপের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে’ আলোচনা করেছেন।
বিবিসি লিখেছে, পরিকল্পনাগুলো ঠিক কী তা এখনও স্পষ্ট নয়। তবে ইউক্রেইন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা গতি পাওয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে ঘোষণা আসতে পারে।
উইটকফ ও কুশনার যে ইউক্রেইনের রাজধানীতে পা রাখতে যাচ্ছেন, সেটিই হবে কিইভে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ মধ্যস্থতাকারীদের প্রথম সফর।
তাদের সফর ঘিরে পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে অপরের রাজধানীতে তিন দিনের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন।
উইটকফ ও কুশনার যখন ক্রেমলিনে আলোচনা করছিলেন, তখন জেলেনস্কি বলেন, তিনি ‘অর্থবহ আলোচনার’ জন্য প্রস্তুত।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার মস্কোর বৈঠকটি চলে তিন ঘণ্টা ধরে। রাজধানীর কেন্দ্রস্থলে পুতিনের সরকারি বাসভবনে রুদ্ধদ্বার বৈঠক হয়।
আলোচনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ পায়নি। সুনির্দিষ্ট তথ্য প্রকাশ না করেই উভয় পক্ষ মোটের ওপর ইতিবাচক মন্তব্য করেছে।
পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ আলোচনাটিকে ‘গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা’ বলে বর্ণনা করেছেন।
“আলোচনা কেবল ইউক্রেইন সংকট সমাধানের বিষয়ে সীমাবদ্ধ ছিল না, অর্থনৈতিক বিষয় এবং সম্ভাব্য বড় ধরনের পারস্পরিক লাভজনক রুশ-মার্কিন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।”
উশাকভ বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ সেনাবাহিনীর যে অগ্রগতি হয়েছে, তা আলোচনায় উঠে এসেছে। পাশাপাশি সংঘাতের মূল কারণগুলো সমাধানের বিষয়েও আলোচনা করা প্রয়োজন বলে দুই পক্ষ একমত হয়েছে।
বিবিসি লিখেছে, কিইভসহ ইউক্রেইনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়লেও যুদ্ধের বেশিরভাগ সময় রুশ স্থলবাহিনী খুব ধীরগতিতে এগিয়েছে এবং এতে তাদের বিপুলসংখ্যক সেনা হতাহত হয়েছে। রাশিয়া এখনও ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এসব এলাকা তারা ২০২২ সালে দখল করেছে।
কুশনার ও উইটকফ কয়েকবার রাশিয়া সফর করেছেন। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেইনের আকাশসীমা বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন দূতেরা কীভাবে মস্কো থেকে কিইভে যাবেন তা এখনও স্পষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠকের অপেক্ষায়। ছবি: রয়টার্স
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেইন একে অপরের বিরুদ্ধে আকাশপথে হামলা বাড়ানোর পর এ বৈঠক হতে যাচ্ছে।
ইউক্রেইন বলছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তারা সমস্যায় পড়ছে। অন্যদিকে, কিইভ রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো, বিশেষ করে তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বাংলাদেশ জার্নাল/জে
