‘প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন যোগাযোগসেবা পৌঁছে দিতে হবে’


টেলিযোগাযোগ খাতের সক্ষমতা বাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও নিরবচ্ছিন্ন যোগাযোগসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাশ্রয়ী, মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে ২৭তম বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারে যোগ দেওয়া সহকারী বিভাগীয় প্রকৌশলীদের সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন ও উন্নত যোগাযোগসেবা নিশ্চিত করতে প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে হবে। বর্তমান সময়ে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম ভিত্তি হচ্ছে শক্তিশালী টেলিযোগাযোগ ব্যবস্থা।

বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, এ অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন।

নবীন প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, সরকারি চাকরি কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়, জনগণের সেবা করারও সুযোগ। দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, জবাবদিহি ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে।

পরিচিতি সভার শুরুতে টেলিযোগাযোগ অধিদপ্তরে স্থাপিত সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নবনিযুক্ত সহকারী বিভাগীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *