ফেনীতে আবাসিক হোটেলে অভিযান: নারীসহ আটক ৮


ফেনীর মহিপাল এলাকায় একটি আবাসিক হোটেলে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে নারীসহ আটজনকে আটক করা হয়েছে। অভিযানকালে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা, একজনকে অর্থদণ্ড এবং বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়ার নেতৃত্বে মহিপালের ‘ঢাকা হোটেল’ নামে একটি আবাসিক হোটেলে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই হোটেলে মাদক কেনাবেচা ও সেবনের গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় টাস্কফোর্স অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় এক নারীসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে অপরাধ স্বীকার করায় আবুল হোসেন শ্রাবণকে (৩৬) ১২ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মহি উদ্দিনকে (৩২) ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রশাসনিক অবহেলার কারণে হোটেলের ম্যানেজার মোমিনুল হক রিপনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে আটক সাজ্জাদ হোসেন শিপন (৪৫), রমজান আলী (৪০), মো. জহির (৩৭), আরাফাত হোসেন (৪২) ও এক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আদালত প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত মামলার আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশ, শহর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *