ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামের এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপুলস্থ স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌর এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে গিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলিম মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
মহিপাল হাইওয়ে থানার এসআই মাজেদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে ২টি রেকার দিয়ে অপসারণ কাজ চালানো হয়। আড়াই ঘণ্টার চেষ্টায় যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/কেএসআর
