বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা


প্রতিপক্ষ ইন্দোনেশিয়া এবারই প্রথম এশিয়া কাপ খেলতে এসেছে। এর আগে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলেনি। সব মিলিয়ে জয়টা বাংলাদেশ নারী দলের জন্য প্রত্যাশিতই ছিল। তবে নিগার সুলতানা জ্যোতির দল দাপট দেখিয়ে সে জয় নিয়ে এসেছে।

সোমবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে নারী এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হের আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান করে টাইগ্রেসরা। জবাবে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। ৪ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদা আক্তার। বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে।

রান তাড়ায় শুরুতেই জোড়া ধাক্কা খায় ইন্দোনেশিয়া। নতুন বলে জোড়া শিকার ধরেন পেসার মারুফা আক্তার। এরপর নাহিদা আক্তার ও অন্য বোলাররা মিলে চেপে ধরলে ইন্দোনেশিয়ার ব্যাটাররা সেই চাপ থেকে বের হতে পারেননি। ১০ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। ওপেনার মারিয়া কোরাজন সর্বোচ্চ ১২ রান করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে দুটি করে চার হাঁকান জুয়ারিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ রান করা জুয়ায়রিয়া আলতো ড্রাইভে ক্যাচ দেন কভারে। ইন্দোনেশিয়ার আটসাঁট বোলিংয়ে দ্বিতীয় উইকেটে জুটি হলেও রানের গতি বাড়াতে পারেননি দিলারা ও সোবহানা মোস্তারি।

পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৩২ রান। ১০ ওভারে আসে মাত্র ৫৮। দিলারার বিদায়ে ভাঙে ৪০ রানের জুটি। ২৭ রান করতে তিনি খেলেন ৩১ বল। চার নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ১০ রান করে অভিষিক্ত লেগ স্পিনার সোফিয়া ভেলিচের শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর লম্বা সময় টিকে থাকা সোবহানা সীমানায় ধরা পড়েন ফুলটস বলে। ৪২ বল খেলে তিনি করেন ৪০ রান। শেষদিকে স্বর্ণা আক্তার একাই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ১৮ বলে ৩ চার আর ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন তিনি।

এসকেডি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *