বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস হাউস, ঢাকা। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব স্বর্ণবারের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম।

মঙ্গলবার রাতের এই অভিযানের তথ্য বুধবার কাস্টমস হাউস জানিয়েছে।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ‘এফজেড৫২৩’ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের চেষ্টা হচ্ছে। খবর পাওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে কাস্টমস কর্মকর্তারা বিমানটিতে বিশেষ তল্লাশি চালান।

তল্লাশির সময় বিমানটি যাত্রীশূন্য ছিল। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে রাত ৯টা ৪০ মিনিটের দিকে উড়োজাহাজের ১৯এ নম্বর আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো কাস্টমস হলে এনে তালিকা তৈরির সময় ৮০টি স্বর্ণবার উদ্ধার হয়।

কাস্টমসের হিসাবে, প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে ওজন দাঁড়ায় ৯ হাজার ৩৩১ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

কাস্টমস জানায়, স্বর্ণবারগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয়েছে। আসনের নিচে সুকৌশলে লুকিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে দেশে আনার চেষ্টা করা হয়েছিল। পরে বিমানবন্দর এলাকা থেকে বাইরে পাচারের আশঙ্কা ছিল।

অভিযানে কাস্টমস হাউস, ঢাকা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে অংশ নেয়। জব্দ করা স্বর্ণবারগুলো বিমানবন্দর কাস্টমসের মূল্যবান পণ্যের গুদামে রাখা হয়েছে। স্থায়ী আদেশ অনুযায়ী স্বর্ণগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে। কাস্টমসের ভাষ্য, চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *