বিরোধীদলের সহযোগিতা চাইলে ৬ দফা মানতে হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সরকার যদি বিরোধী দলের সহযোগিতা চায়, তাহলে ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি মেনে নিতে হবে। জনগণের স্বার্থ-সংশ্লিষ্ট এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ ছাড়ব না।”
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা সরকারকে সময় দিচ্ছি। যদি বিরোধী দলের সহযোগিতা চান, আমাদের লংমার্চের ৬ দফা দাবি মেনে নিন। আমরা ৬ দফা কড়ায়-গণ্ডায় আদায় করে নেব। একটা দাবিও ছাড়ব না।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “গণভোটের রায় মেনে নিতে হবে, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে; নইলে ক্ষমতায় থাকতে পারবেন না।”
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি, দাবি করে নাহিদ ইসলাম বলেন, “তারা উল্টো পথে যাত্রা শুরু করেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে একধরনের স্বৈরতন্ত্র কায়েম করা হচ্ছে।”
এনসিপির আহ্বায়ক বলেন, “র্যাব বিলুপ্ত করার কথা বলেছেন, কিন্তু ক্ষমতায় এসে তা করছেন না।”
১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “স্পষ্টভাবে বলতে চাই, ১১ দলের নেতা-কর্মীদের নির্যাতন করলে চুপ করে বসে থাকবে না। আমরা ছয় মাস সময় দিয়েছি, আর একজন নেতা-কর্মীকেও নির্যাতন করা হলে তা প্রতিহত করা হবে।”
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।
শনিবার দুপুর থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পথসভাস্থলে জড়ো হতে থাকেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। ফেনীর ছয় উপজেলা ছাড়াও পাশের নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা লংমার্চে অংশ নেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
পথসভায় আরো বক্তব্য দেন— লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
পথসভা শেষে ১১ দলীয় ঐক্যের লংমার্চটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।
