ভারতে পর্যটক ভিসা চালুর পর হিলি ইমিগ্রেশনে যাত্রী পারাপার বৃদ্ধি
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ভারতে পর্যটক ভিসা চালু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীর যাতায়াত বেড়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণ, চিকিৎসা এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাতায়াতকারীর সংখ্যা বাড়ছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. জাকারিয়া এ তথ্য জানিয়েছেন।
২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ভারত বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়। দীর্ঘ বিরতির পর গত ২৮ জুন থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. জাকারিয়া জানান, পর্যটক ভিসা চালুর আগে প্রতিদিন ১১০ থেকে ১২০ জন যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দৈনিক ১৫০ থেকে ১৬০ জনে দাঁড়িয়েছে। টুরিস্ট ভিসা কার্যক্রম চালু হওয়ার পর থেকে যাত্রী পারাপারের এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন পর পর্যটক ভিসায় ভারতে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেকে ভ্রমণ, চিকিৎসা ও ব্যক্তিগত কাজে ভারত যাচ্ছেন। একইসঙ্গে ভারত থেকে বাংলাদেশেও পর্যটক ও দর্শনার্থীদের আগমন বেড়েছে।
হিলি ইমিগ্রেশন ওসি আরও জানান, যাত্রী সংখ্যা বেড়েছে, পাশাপাশি পারাপার কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
