মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
ময়মনসিংহের তারাকান্দায় ১১ বছরের এক মাদরাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে মো. মিজানুর রহমান (২৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুর বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইনিয়াতুল কওমি মাদরাসা থেকে স্থানীয়দের কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। মিজানুর রহমান তারাকান্দা উপজেলার নলদীঘি এলাকার আইনুদ্দিন তালুকদারের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে মাদরাসার ১১ বছর বয়সী ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে রোববার বিকেলে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় শিশুটি।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন তাকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জাগো নিউজকে বলেন, মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
হোসাইন সুলভ/কেজে/জেআইএম
