মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম


পটুয়াখালীর বাউফলে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাসেল সিকদার (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরাফাত হোসেন (১৫) নামের এক কিশোরসহ কয়েকজনের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ করেছেন আহতের পরিবার।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত রাসেল সিকদার জানান, তার মেয়ে শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে একই গ্রামের কবির খানের ছেলে আরাফাত হোসেন তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কাছে জানান। পরে তার পরামর্শে মঙ্গলবার বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

রাসেলের দাবি, অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে আরাফাত ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে বুধবার রাতে বাড়ির কাছের একটি চায়ের দোকানে বসে থাকার সময় আরাফাত ও কাওসারের নেতৃত্বে ৭-৮ জন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পান। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *