ম্যাকাইয়ে পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ


‘ভালো ক্রিকেট খেলতে চাই’ কথাটা বাংলাদেশ থেকেই বলে আসছেন নাজমুল হোসেন। অস্ট্রেলিয়াতে এসেও বলেছেন। বলেছেন আজ ম্যাকাই টেস্টের আগের দিনও।

ডারউইন টেস্টে ৯ উইকেটের অবিস্মরণীয় জয়ের পর প্রত্যাশার পারদ এখন উঁচুতে। উইকেট-বাতাস মিলিয়ে একদিকে ম্যাকাইয়ের পেস–সহায়ক কন্ডিশন, আরেক দিকে ‘আহত বাঘ’ অস্ট্রেলিয়ার সিরিজ হারের সঙ্গে ধবলধোলাই এড়ানোর তাড়না—সবকিছুর পরও ম্যাকাইতে বড় কিছুর আশাই করছেন বাংলাদেশের মানুষ আর অস্ট্রেলিয়াপ্রবাসী সমর্থকেরা।

তবে অধিনায়ক নাজমুল হোসেন এখনই অত বড় কিছুর দিকে তাকাচ্ছেন না। তিনি তাঁর আগের কথাতেই আছেন। ভালো ক্রিকেট খেলতে চান এবং সেটা ম্যাকাই টেস্টের পাঁচ দিনেই। আজ গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’

ডারউইনের জয়ের রেশ টানলেও অধিনায়ক বলেছেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ।’ নাজমুলের কাছে তাই ডারউইনে টেস্টের জয় এখন অতীত। তাঁর আশা, দলের সবাই সেই জয়ের আবেশ থেকে বেরিয়ে এসে ম্যাকাইয়ের নতুন টেস্টটা নতুন করেই শুরু করবেন।

ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দুই দিন পরিপূর্ণ অনুশীলন করেছে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে তাতে বেশ সন্তুষ্ট নাজমুল, ‘প্রস্তুতি ভালো হয়েছে। হ্যাঁ, আবহাওয়াটা একটু ভিন্ন। ওখানকার তুলনায় একটু ঠান্ডা, বাতাসটাও বেশি। তবে আমার মনে হয়, দুই দিনের অনুশীলনে সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছে।’
প্রস্তুতি প্রসঙ্গে পরে আরেক প্রশ্নেও বলেছেন একই কথা। নতুন এই কন্ডিশনে কীভাবে ভালোভাবে মানিয়ে নেওয়া যায়, গত দুই দিনের প্রস্তুতিতে জোর পেয়েছে সেটাই। নাজমুল বলেছেন, ‘আমার বিশ্বাস, খেলোয়াড়েরা নতুন করে এই টেস্ট ম্যাচটা শুরু করবে।’

দলের মধ্যে টুকটাক যেসব চোটের সমস্যা ছিল, সেগুলোও এখন আর নেই বলে জানিয়েছেন নাজমুল। কাল অনুশীলনে আঙুলে চোট পাওয়ার পরই মুশফিকুর রহিম আবার ব্যাটিং করেছেন। ব্যাটিং অনুশীলন করেছেন আজও, তবে একটু কম সময় নিয়ে।

ঘাড়ের আড়ষ্টতার কারণে কাল ব্যাটিং অনুশীলন করেননি ডারউইনে সেঞ্চুরি করা ওপেনার তানজিদ হাসান। তবে আজ স্ক্যান করিয়ে এসে নেটে ব্যাটিংও করেছেন তিনি। স্ক্যান রিপোর্টে কী এসেছে, অবশ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। অবশ্য প্রথম টেস্টে না খেলা আরেক টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারও নিজেকে প্রস্তুত রেখেছেন আজ লম্বা সময় ব্যাটিং অনুশীলন করে।

তানজিদের খেলার ব্যাপারে আজই নিশ্চিত হতে না পারাটাও হতে পারে সেটার একটা কারণ। নাজমুল পরে আবার বলেছেন, ‘তামিমের বিষয়ে যেটা বললেন, আজকের দিনটা ইতিবাচক। তবে কাল সকাল পর্যন্ত আমরা আরেকটু দেখতে চাই। আশা করি সে ঠিক হয়ে যাবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে, তাই মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’

সব মিলিয়ে অধিনায়কের কণ্ঠে আপাতত স্বস্তি, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও (তানজিদ) আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয়, কাল সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *