রক্তমাখা পোশাক-জুতা ছাদে, স্কুলছাত্র অনন্ত নিখোঁজ


গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যালয়ে টিফিনের সময় বের হওয়ার পর তাফসিরুল ইসলাম অনন্ত (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।  পরে বিদ্যালয়ের কাছের একটি তিনতলা ভবনের ছাদ থেকে তার রক্তমাখা জামা, জুতা ও পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।  ওই শিক্ষার্থী এখন কোথায় আছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  নিখোঁজ অনন্ত উপজেলার ডুমদিয়া গ্রামের সোহাগ রানার ছেলে এবং বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার টিফিনের সময় ক্লাস থেকে বের হয় অনন্ত।  টিফিন শেষে অন্য শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও অনন্ত আর ফেরেনি।  বিষয়টি নজরে আসার পর শিক্ষকরা বিদ্যালয় ও আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন।  স্থানীয়দের কাছ থেকেও বিভিন্ন স্থানে তার সন্ধান জানতে চাওয়া হয়।  কিন্তু, কোথাও তাকে পাওয়া যায়নি।

এরইমধ্যে স্থানীয় লোকজন বিদ্যালয়ের কাছাকাছি একটি তিনতলা ভবনের ছাদে রক্তমাখা জামাকাপড়, জুতা ও একটি পরিচয়পত্র পড়ে থাকার খবর দেন।  খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন জানিয়েছেন, ‍টিফিনের সময় অনন্ত ক্লাস থেকে বের হয়েছিল।  এর পর সে আর শ্রেণিকক্ষে ফিরে আসেনি।  শিক্ষকরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান আসাদ জানান, অষ্টম শ্রেণির ছাত্র অনন্তের রোল নম্বর ৩।  অনন্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী।  টিফিনের পর তাকে না পাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এসে ভবনের ছাদে রক্তমাখা জামাকাপড় পাওয়ার কথা জানান।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা জামা, জুতা ও আইডি কার্ড উদ্ধার করেছেন।  আলামতগুলো জব্দ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।  অনন্তের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।  ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

মেধাবী শিক্ষার্থী অনন্তের নিখোঁজের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।  তার সন্ধানে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *