রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩


রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। 

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তিনজনকে পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তারা হলেন—চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)।

আহতদের মধ্যে সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ের উরুতে গুলি লেগেছে।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে গিয়েছিলেন। এ সময় হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করতে যান। তখনই একটি গুলি এসে তার বুকের বাঁ পাশে, কাঁধের কাছাকাছি লাগে।

আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান করেন। সন্ধ্যায় দোকানের সামনে হঠাৎ মারামারি ও গোলাগুলি শুরু হয়। সে সময় দোকানের ভেতরে থাকা অবস্থায় আলমগীর কপালের মাঝ বরাবর গুলিবিদ্ধ হন।

অন্যদিকে, আহত আশা আক্তার বলেন, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মারামারি ও গোলাগুলির মধ্যে পড়ে যান। এতে তার ডান পায়ের উরুতে গুলি লাগে। তবে কারা গোলাগুলি করছিল, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *