রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কদমতলীর শ্যামপুর বরইতলা এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় শ্যামপুর থানা পুলিশ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এতে তার বুকে, পেটে, পিঠেসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ জিন্নাত আলী জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল শ্যামপুর বড়ইতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, ছিনতাইকৃত টাকার ভাগবাটোরা নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের পরিচয় জানতে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
