রিয়াল মাদ্রিদ জানাল ফুটবলকে রক্ষা করেছে উয়েফা


বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে ফিফা সরে আসার পর উয়েফার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি বলেছে, ফুটবলের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ে’ খেলাটিকে রক্ষা করতে নিষ্পত্তিমূলক ভূমিকা রেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (FFE) নামে একটি প্রতিষ্ঠান গঠন এবং এর ২০ শতাংশ অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। তবে উয়েফা, কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

পরিকল্পনা বাতিলের পর দেওয়া এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘ফিফা তাদের প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির প্রস্তাব থেকে সরে আসার সিদ্ধান্তকে রিয়াল মাদ্রিদ অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। আমাদের ক্লাবের মতে, এটি ফুটবল, এর প্রতিষ্ঠানগুলো এবং সবচেয়ে বড় কথা, আমাদের প্রিয় খেলাটির কোটি-কোটি সমর্থকের জন্য সুখবর।’

উয়েফা ও অন্যান্য ফুটবল সংস্থার ভূমিকাও আলাদাভাবে তুলে ধরেছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বিবৃতিতে রিয়াল বলে, ‘এই প্রকল্পের বিরুদ্ধে দৃঢ় ও দায়িত্বশীল অবস্থান নেওয়া উয়েফা, বিভিন্ন কনফেডারেশন, ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে রিয়াল মাদ্রিদ ধন্যবাদ জানাচ্ছে। তাদের ঐক্য ও দায়িত্ববোধ ফুটবলকে এক সংকটময় মুহূর্তে রক্ষা করেছে।’

এর আগে উয়েফা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, পরিকল্পনা প্রত্যাহার না করা হলে তারা ফিফার টুর্নামেন্ট বর্জনের পথেও হাঁটতে পারে। পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইউরোপীয় ফুটবলের আস্থা হারিয়েছেন বলেও ঘোষণা দেয় সংস্থাটি। এমনকি তার বিরুদ্ধে অনাস্থা ভোট আনার বিষয়টিও বিবেচনা করছে উয়েফা।

বিতর্কিত এই প্রকল্পের বিরোধিতা করে ইতোমধ্যে পদত্যাগ করেছেন ইনফান্তিনোর বৈশ্বিক কৌশল ও সুশাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস করদেইরো। তিনি পরিকল্পনাটিকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখবে।’ অন্যদিকে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরও অভিযোগ করেন, প্রকল্পটি নিয়ে সংস্থার প্রশাসনকে প্রতারিত করা হয়েছে।

ফুটবলের মূল ভিত্তি হিসেবে ক্লাবগুলোর গুরুত্বও স্মরণ করিয়ে দিয়েছে রিয়াল। ক্লাবটির ভাষায়, ‘জাতীয় দলের ফুটবল এবং বিশ্বকাপের ভিত্তি হলো ক্লাবগুলো। তারাই খেলোয়াড় আবিষ্কার করে, গড়ে তোলে, উন্নত করে এবং জাতীয় দলের জন্য প্রস্তুত করে। জাতীয় দলের ফুটবল এবং বিশ্বকাপ সর্বোপরি জনস্বার্থসংশ্লিষ্ট আয়োজন। এটি জাতি, সমর্থক এবং পুরো সমাজের ঐতিহ্যের অংশ। তাই এগুলোকে কখনোই অল্প কয়েকজনের লাভের জন্য বাজারজাত করার মতো সাধারণ আর্থিক সম্পদ হিসেবে দেখা উচিত নয়।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *