শাহজালালে ২৮ লাখ টাকার সিগারেট-সিরাম জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) বি ও সি-শিফটের পৃথক অভিযানে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ বিপুল পরিমাণ হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ নজরদারি চালানো হয়। এর অংশ হিসেবে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রীদের তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও হোয়াইটেনিং সিরাম আটক করে বি-শিফট।
এনবিআর জানায়, গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী এমডি হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়। একই ফ্লাইটের আরেক যাত্রী শারমিন আক্তারের কাছ থেকে আরও ২৭০ কার্টন সিগারেট আটক করা হয়।
এ অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, সি-শিফট দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে অভিযান চালায়। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ফ্লাইটটি শাহজালালে অবতরণের পর যাত্রী মহাতে হাসান বাবুর কাছ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম এবং যাত্রী সোহদুল হাসান শাকিলের কাছ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা আটক করা হয়।
এছাড়া কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সারদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়।
সিআইআইডির দেওয়া তথ্য অনুযায়ী, সি-শিফটের অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস বিসকোস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।
এসএম/এমআরএম
