সাইক্লোন সেন্টার ও আশ্রয়কেন্দ্র প্রতিবন্ধীবান্ধব করতে হবে: ত্রাণমন্ত্রী


দেশের সব সাইক্লোন সেন্টার ও দুর্যোগ আশ্রয়কেন্দ্রকে প্রতিবন্ধীবান্ধব করার তাগিদ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, আশ্রয়কেন্দ্রে হুইলচেয়ার চলাচলের উপযোগী র‌্যাম্প, প্রশস্ত প্রবেশপথ, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার, নিরাপদ চলাচল ও পৃথক থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রোমোটিং পারসন উইথ ডিজেবিলিটি ফ্রেন্ডলি ইনক্লুসিভ ক্লাইমেট জাস্টিস রেজিলেন্স প্র্যাকটিসেস’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে হলে সমাজের সব নাগরিকের জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানেও সব নাগরিকের সুযোগের সমতার কথা বলা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে না দেখে সমঅধিকারসম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিয়েই অবকাঠামো, পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার পুরো ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দুর্যোগ আশ্রয়কেন্দ্রে প্রতিবন্ধী মানুষের জন্য প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম ও নিরাপদ থাকার ব্যবস্থা থাকতে হবে। শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, দুর্যোগের আগে সতর্কবার্তা দেওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধিতার ধরন বিবেচনায় নিতে হবে।

মন্ত্রী বলেন, শ্রবণ, দৃষ্টি ও অন্যান্য প্রতিবন্ধিতার বিষয়টি মাথায় রেখে আগাম সতর্কবার্তা সহজবোধ্য ও একাধিক মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। এতে দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া ও আশ্রয়কেন্দ্রে পৌঁছানো সহজ হবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহাসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *