১ মিনিট ২৬ সেকেন্ডের ভাঁজে ভাঁজে ভয় আর চমক


জানালোর কাচ গলে আলো ঢুকছে ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে কাপড় গুছাচ্ছেন তুষি। তার পেছন থেকে ময়লামাখা একটি হাত তার দিকে এগিয়ে যেতে যেতে, ঝুরঝুরে মাটির মতো ক্ষয়ে পড়ছে। হঠাৎ তৃতীয় ব্যক্তির উপস্থিতি টের পেয়ে চমকে উঠেন তুষি। তার চমকে উঠার শব্দ কানে ভাসলেও পর্দায় গভীর অন্ধকার নেমে আসে।  

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রায়হান রাফি নির্মিত ‘আন্ধার’ সিনেমার টিজার। ১ মিনিট ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে এমন দৃশ্য দেখা যায়। টিজারের পুরো সময়ের ভাঁজ থেকে ধারাবাহিকভাবে বেরিয়ে আসে ভয়-আতঙ্কের মুহূর্ত। টিজারের দু-একটি জায়গায় সংলাপ পাওয়া গেলেও বাকি অংশ সংলাপহীন। কেবল আবহসংগীত, চরিত্রগুলোর লুক আর অভিব্যক্তি দিয়ে দর্শকদের হৃদয়ে ভয়ের অনুভূতি সঞ্চার করেছেন।  

টিজারে গল্প সম্পর্কে কোনোরকম ধারণা দেওয়া হয়নি। তবে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ, মোস্তাফা মন্ওয়ারসহ সব প্রধান চরিত্রকেই দেখা গেছে। পুরো টিজারেই রাখা হয়েছে ধূসর আবহ, রাখা হয়েছে সিয়ামের কয়েকটি অ্যাকশন দৃশ্য। এতে বুঁদ হয়ে আছেন দর্শকরা। ভূয়সী প্রশংসা করছেন হরর ঘরানার ‘আন্ধার’ সিনেমার টিজার দেখে।  

ইফাদ লেখেন, “বাংলাদেশ এবারই সর্বপ্রথম বাংলা হরর মুভির স্বাদ পাবে।” রুশন আরা মুক্তা লেখেন, “মাথা নষ্ট।” সাফিয়া সাথী লেখেন, “আমি আর দেখতে পারলাম না। ভয় পাইছি।” টিজারে নাজিফা তুষির ভয়ংকর একটি দৃশ্যের কথা স্মরণ করে ইমরান হোসেন লেখেন, “নাজিফা তুষির মাথা ঘুড়ানোর সিনটা কেন দেখায় ফালাইলেন, মুভিতে দেখতে বেশি মজা লাগত।”

মাহমুদুল ইসলাম আশা ব্যক্ত করে লেখেন, “বাংলাদেশে এখন পর্যন্ত সব থেকে ভালো ভৌতিক সিনেমার টিজার এটি। গল্প যদি মোটামুটি ভালোও হয়, তবে আশা করি বক্স অফিসে ভালো করবে। আশাবাদী রায়হান রাফি ভাই।” শুভ্র দাস লেখেন, “এটা কি আসলেই বাংলাদেশি কোনো মুভির টিজার?” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দুই ব্যান্ডশিল্পী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী। বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করা নানা ভূতের গল্প ও অভিজ্ঞতা থেকেই ‘আন্ধার’ সিনেমার গল্প ভাবনা এসেছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *