২য় টেস্টের আগে মুশফিক-তামিমকা নিয়ে সুখবর দিলেন শান্ত
ডারউইনের ঐতিহাসিক জয়ের রেশ এখনো কাটেনি। তবে ম্যাকাইয়ে নতুন টেস্ট শুরুর আগে সেই জয়কে পেছনে ফেলে আবার শূন্য থেকেই শুরু করতে চান নাজমুল হোসেন শান্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশের অধিনায়কের ভাবনায় তাই বড় কোনো ঘোষণা নয়, পাঁচ দিনজুড়ে ভালো ক্রিকেট খেলা।
ডারউইনে ৯ উইকেটের জয়ের পর বাংলাদেশ এখন সিরিজ জয়ের হাতছানি দেখছে। বিপরীতে অস্ট্রেলিয়ার সামনে সিরিজ বাঁচানোর লড়াই। এর সঙ্গে ম্যাকাইয়ের পেস–সহায়ক কন্ডিশন ও বাড়তি বাতাস যোগ হওয়ায় ম্যাচের উত্তেজনাও বেড়েছে। কিন্তু এসব নিয়ে এখনই ফলের হিসাব করতে চান না শান্ত।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
ডারউইনের জয় যে আত্মবিশ্বাস বাড়িয়েছে, সেটি মানছেন শান্ত। তবে সেই আত্মবিশ্বাসের আবেশে পড়ে থাকতে চান না তিনি, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ।’
ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শান্ত, ‘প্রস্তুতি ভালো হয়েছে। হ্যাঁ, আবহাওয়াটা একটু ভিন্ন। ওখানকার তুলনায় একটু ঠান্ডা, বাতাসটাও বেশি। তবে আমার মনে হয়, দুই দিনের অনুশীলনে সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছে।’
দলের চোট নিয়েও আপাতত স্বস্তির খবর দিয়েছেন অধিনায়ক শান্ত। আঙুলের চোটের পর মুশফিকুর রহিম ব্যাটিং করেছেন। ঘাড়ের আড়ষ্টতার কারণে আগের দিন অনুশীলন করতে না পারা তানজিদ হাসানও আজ স্ক্যান করিয়ে নেটে ব্যাটিং করেছেন। প্রথম টেস্টে না খেলা সৌম্য সরকারও প্রস্তুত রেখেছেন নিজেকে।
তানজিদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য ম্যাচের সকালেই নিতে চায় বাংলাদেশ। শান্ত বলেছেন, ‘আজকের দিনটা ইতিবাচক। তবে কাল সকাল পর্যন্ত আমরা আরেকটু দেখতে চাই। আশা করি সে ঠিক হয়ে যাবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে, তাই মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’
সব মিলিয়ে ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশের শিবিরে স্বস্তিই বেশি। শান্তর শেষ কথাতেও সেটিই স্পষ্ট, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও (তানজিদ) আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয়, কাল সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’
