২০৪৭ কোটি টাকায় পিএসজি থেকে লিভারপুলে যোগ দিলেন বারকোলা


ফ্রান্সের তরুণ তারকা ব্র্যাডলি বারকোলাকে দলে ভিড়িয়েছে লিভারপুল। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাঁচ বছরের চুক্তিতে এনেছে ইংলিশ ক্লাবটি। সব মিলিয়ে চুক্তিটির মূল্য সর্বোচ্চ ১২৩ মিলিয়ন পাউন্ড (প্রায় ২ হাজার ৪৭ কোটি টাকা)

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বারকোলার জন্য পিএসজিকে নিশ্চিতভাবে ১০৬ মিলিয়ন পাউন্ড দেবে লিভারপুল। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে এর সঙ্গে আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে।

এই চুক্তির ফলে লিভারপুলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বারকোলা। গত গ্রীষ্মে নিউক্যাসল ইউনাইটেড থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেকজান্ডার ইসাককে দলে নেওয়ার পর তিনিই এখন ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়।

বারকোলা লিভারপুলের দীর্ঘদিনের পছন্দের খেলোয়াড় ছিলেন। চলতি গ্রীষ্মে পিএসজি ছাড়ার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন এবং অন্য কোনো ক্লাবে যাওয়ার বিষয়টি বিবেচনা করেননি বলেও জানিয়েছে সূত্র।

পিএসজির হয়ে সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বারকোলা। ক্লাবটির টানা দুটি লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিযানে ছিলেন তিনি। তবে দলে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় নিয়মিত খেলার সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সে কারণেই নতুন চ্যালেঞ্জের সন্ধানে পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।

লিভারপুলে বারকোলা পরবেন ২৯ নম্বর জার্সি। তিনি ক্লাবটির চলতি গ্রীষ্মের তৃতীয় স্থায়ী খেলোয়াড় হিসেবে যোগ দিলেন। এর আগে ভিক্টর মুনোজ ও জেরেমি জ্যাকেকে স্থায়ী চুক্তিতে দলে নিয়েছে লিভারপুল। এছাড়া বার্সেলোনা থেকে এক মৌসুমের জন্য ধারে এসেছেন রোনাল্ড আরাউহো।

লিভারপুলের আক্রমণভাগে বারকোলার আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ। মূলত বাম প্রান্তে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তবে প্রয়োজন অনুযায়ী আক্রমণের অন্য প্রান্তেও খেলতে পারেন এই ফরাসি তারকা।

গত মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ১৩ গোল করেছেন বারকোলা। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ৭বার। জাতীয় দলের হয়েও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এবারের বিশ্বকাপে ফ্রান্সের হয়ে আট ম্যাচ খেলে করেছেন তিন গোল।

লিভারপুলে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন বারকোলা। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, লিভারপুলের হয়ে খেলতে পারা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

‘লিভারপুলের হয়ে খেলতে পারাটা অনেক বড় গর্বের। আমি খুবই খুশি। অনেক সময় লেগেছে, কিন্তু আজ এখানে এসে খেলতে পারছি- এ জন্য সত্যিই আনন্দিত। এখন শুধু মাঠে নামতে এবং খেলতে চাই’- বলেন বারকোলা।

লিভারপুলের হয়ে বড় কিছু অর্জনের স্বপ্নও দেখছেন তিনি। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাকে নিজের অন্যতম বড় স্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন বারকোলা।

তার ভাষায়, ‘আমি অনেক বড় কিছু অর্জন করতে চাই। প্রথমত, প্রিমিয়ার লিগ জেতা- এটি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। আমি সেটি করতে চাই এবং দীর্ঘ সময় এই দলের অংশ হয়ে থাকতে চাই। সে কারণেই দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করেছি।’

এদিকে বারকোলাকে দলে নেওয়ার পর লিভারপুলের এবারের দলবদল কার্যক্রম প্রায় শেষ হওয়ার পথে। সূত্র জানিয়েছে, মঙ্গলবারের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে নতুন করে প্রথম দলের কোনো খেলোয়াড় নেওয়ার সম্ভাবনা কম। তবে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্লাব ছাড়লে পরিস্থিতি বদলাতে পারে।

বিশেষ করে ম্যানচেস্টার সিটি লিভারপুলের ফরোয়ার্ড কোডি গাকপোর প্রতি আগ্রহ দেখিয়েছে। গাকপো মূলত বারকোলার পছন্দের বাম প্রান্তেই খেলেন। তবে উপযুক্ত বিকল্প না পাওয়া পর্যন্ত গাকপোকে ছাড়তে রাজি নয় লিভারপুল।

ফলে বারকোলার আগমন শুধু লিভারপুলের আক্রমণভাগে নতুন শক্তিই যোগ করছে না, বরং দলের ভবিষ্যৎ পরিকল্পনাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পাঁচ বছরের চুক্তিতে আসা এই ফরাসি তারকার ওপর এখন বড় প্রত্যাশাই থাকবে অ্যানফিল্ডের সমর্থকদের।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *