সাংবাদিকের বিরুদ্ধে এমপির স্ত্রীর মানহানি মামলা খারিজ
ঢাকার সাভারে দীর্ঘ নয় বছর আইনি প্রক্রিয়া শেষে সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে দায়ের করা ১৫ কোটি টাকার মানহানি মামলাটি খারিজের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসমাইল হোসেন মামলাটি খারিজের আদেশ দেন। মামলাটি খারিজের কারণ হিসেবে বাদীর ভিত্তিহীন তথ্যের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আদালত সূত্র বলছে, ২০১৭ সালে মামলাটি দায়েরের পর দীর্ঘ নয় বছর ধরে এর আইনি কার্যক্রম চলে। সাংবাদিক অপু খন্দকার ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি এ সব এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করেন।
মামলার সূত্রে আরোও জানা যায়, ২০১৭ সালে ঢাকা-২০ (ধামরাই) আসনের তৎকালীন সংসদ সদস্য এম এ মালেকের বেশ কিছু দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। এসব সংবাদ প্রকাশের পর সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা করেন এমপি মালেকের স্ত্রী ও বাংলাদেশ মহিলা যুবলীগের কেন্দ্রীয় নেত্রী মিনা মালেক। মামলায় সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ আনা হয়।
আদালতের আদেশের পর সাংবাদিক অপু খন্দকার বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে তাকে দীর্ঘ সময় ধরে মামলার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা সাংবাদিকের পেশাগত দায়িত্ব। দীর্ঘদিন পর আদালতের আদেশে তিনি ন্যায়বিচার পেয়েছেন।
অপু খন্দকার দৈনিক কালেরকণ্ঠের (মাল্টিমিডিয়া) ঢাকা বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
