জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মিৃর্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি হাসপাতালে যান। তিনি জ্বালানিমন্ত্রীর শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন।
এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গেও কথা বলেন রাষ্ট্রপতি।
এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।
ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
আবেদ হাসান মাহমুদ জানান, গত কয়েকদিন ধরে তার বাবা তীব্র জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে জ্বালানিমন্ত্রীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আবেদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
