সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশের হ্যান্ডকাফসহ পালানো আসির মিয়া (৩৫) উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে দামোধরদপী পয়েন্টে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় ওই আসামি তার নিজের নামের ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করে। পাশাপাশি এ সময় সেখানে থাকা আসামির আত্মীয়-স্বজনরা থাকে নিতে বাধা দেয়। সেই সুযোগে ওই আসামি সেখান থেকে হ্যান্ডকাফসহ দৌড়ে পালিয়ে যায়।

এদিকে, ওই আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানান, পুলিশের অভিযান চলাকালে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি একটি বিচার-সালিশে ছিলেন। পরে এসে জানতে পারেন, আসির মিয়াকে আটক করার সময় সেখানে হইচই শুরু হলে সুযোগ বুঝে সে পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

লিপসন আহমেদ/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *