কাউন্টিতে হাসানের আগুনে বোলিংয়ে কাঁপছে প্রতিপক্ষ


অস্ট্রেলিয়ার মাটিতে আগুন ঝরানো বোলিংয়ের রেশ এবার ইংল্যান্ডেও নিয়ে গেলন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ডারউইনে ৬ উইকেটের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই আবারও বল হাতে আলো ছড়ালেন এই গতিতারকা। তাঁর আগুন ঝরা বোলিংয়ে ওরচেস্টারশায়ারকে ২১৭ রানে গুটিয়ে দিয়েছে কেন্ট। তাতে প্রথম ইনিংসে ২১ রানের লিডও পেয়েছে তারা।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিনেই নিজের অবস্থান জানিয়ে দিয়েছিলেন হাসান। ওরচেস্টারশায়ার ইনিংসের শুরুতে টানা দুই বলে দুই উইকেট নিয়ে ধাক্কা দেন হাসান। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে জেইক লিবির স্টাম্প উড়িয়ে দেন তিনি। পরের বলেই রেহান এদাভালাথকে এলবিডব্লিউ করে পান জোড়া সাফল্য।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনেও থামেনি হাসানের দাপট। একই ধরনের ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড করেন ম্যাথু ওয়েটকে। এরপর ইনিংসের শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকে এলবিডব্লিউ করে পূর্ণ করেন ৪ উইকেট।

সব মিলিয়ে ১৮ ওভার বল করে ৫টি মেডেনসহ ৬৮ রানে ৪ উইকেট নেন তিনি। কেন্টের বোলারদের মধ্যে যা সর্বোচ্চ। তাঁর সঙ্গে ম্যাট মিলনেস নেন তিনটি এবং কিথ ডডজিওন দুটি উইকেট।

এর আগে কেন্টের প্রথম ইনিংস থামে ২৩৮ রানে। ড্যানিয়েল বেল-ড্রামন্ডের ৫২, স্যাম নর্থইস্টের ৪৩ ও ক্রিস বেঞ্জামিনের ৪০ রানের ইনিংসের পরও বড় সংগ্রহ পায়নি স্বাগতিকরা। হাসান নিজে ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৪ রানে।

জবাবে হাসানের বোলিংয়ের সামনে ২১৭ রানেই থেমে যায় ওরচেস্টারশায়ার। ড্যানিয়েল লেটগান সর্বোচ্চ ৫৯ এবং অ্যাডাম হোস করেন ৫০। কিন্তু হাসানের চার শিকারেই ২১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কেন্ট।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *