ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন


ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে শান্তি প্রচেষ্টায় ‘নতুন গতির’ প্রত্যাশা ব্যক্ত করেছে কিয়েভ। এক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশ এই শান্তি মীমাংসায় সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, তবে শেষ পর্যন্ত সংঘাতের সঙ্গে যুক্ত দেশগুলোকেই, অর্থাৎ রাশিয়া ও ইউক্রেনকে এ সমস্যার সমাধান করতে হবে।

পুতিন বলেন, ‘যাঁরা এ মীমাংসায় অবদান রাখার চেষ্টা করছেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এখানে কি কোনো সম্ভাবনা রয়েছে? আমার দৃষ্টিতে, হ্যাঁ, সুযোগ রয়েছে।’

কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘আমি বিশ্বাস করি, বিশ্বজুড়ে বিভিন্ন রাজধানীতে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের এই সক্রিয় পর্যায়টি ফিরে আসার মাধ্যমে শান্তি প্রচেষ্টায় আমরা এখন এক নতুন গতি পাব।’

এ নিয়ে আর বিস্তারিত মন্তব্য না করে ‘সংবাদের দিকে নজর রাখতে’ বলেন সিবিহা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এ সবচেয়ে প্রাণঘাতী সংঘাত সাড়ে চার বছর ধরে চললেও দুই পক্ষেরই শান্তির সম্ভাবনা নিয়ে ইতিবাচক মূল্যায়নের এমন ঘটনা বিরল। এর আগে মার্কিন মধ্যস্থতায় গত ফেব্রুয়ারিতে দুই পক্ষের মধ্যে সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *