অটো রিকশার দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী, কপালে পড়েছে ১৫টি সেলাই
শুটিংয়ে যাওয়ার আগের দিন বাজার করতে বের হয়ে ‘টেসলা’ নামে পরিচিত ব্যাটারিচালিত বা অটো রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দুর্ঘটনায় তার কপাল ফেটে যায় এবং মাথার সামনের অংশে আঘাত লাগে। পরে হাসপাতালে তার দুটি ক্ষতস্থানে মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ দুর্ঘটনার বর্ণনা দেন তিনি।
পোস্টে অভিনেত্রী জানান, পরিচালক সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকের শুটিং উপলক্ষে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বের হয়েছিলেন। তিনি দাবি করেন, ‘টেসলা’ রিকশায় উঠলেই সবসময় চালককে ধীরে চালানোর অনুরোধ করতেন। ঘটনার দিনও তিনি বারবার চালককে সতর্ক করেছিলেন, কিন্তু চালক দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন।
এলিনার ভাষ্য অনুযায়ী, চলন্ত অবস্থায় রিকশার সরু চাকার নিচে একটি পাথর বা ইটজাতীয় বস্তু পড়ে যায়। এতে রিকশার ভারসাম্য নষ্ট হয়ে চালক একদিকে ছিটকে পড়েন এবং তিনি রাস্তায় পড়ে যান। পরে রিকশাটিও তার ওপর এসে পড়ে।
দুর্ঘটনায় রিকশার চাকার একটি স্ক্রু তার কপাল চিরে দেয় বলে দাবি করেন তিনি। এরপর নিজেই হ্যান্ডব্যাগ হাতে অন্য একটি রিকশায় করে হাসপাতালে যান। সেখানে চিকিৎসক তার দুটি ক্ষতস্থানে মোট ১৫টি সেলাই দেন।
পোস্টে এলিনা শাম্মী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, ‘‘আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।” একই সঙ্গে ‘টেসলা’ নামে পরিচিত এই ব্যাটারিচালিত রিকশাকে ‘মরণফাঁদ’ উল্লেখ করে এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির দায় কে নেবে— সেই প্রশ্নও রাখেন।
শেষে সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন তিনি।
বাংলাদেশ জার্নাল/এনএম
