রাজবাড়ীতে মরদেহ উদ্ধারের তিন দিনেও মেলেনি নারীর পরিচয়, দাফন হয়নি এখনো


রাজবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় না মেলায় শনিবার বেলা ১১টা পর্যন্ত মরদেহটি দাফন করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট-নিমতলা সড়কের বড়নুরপুর এলাকার রাস্তার পাশ থেকে ওই নারীর (২৯) মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।

শনিবার বেলা ১১টা পর্যন্ত মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল রঙের বোরকা ও গোলাপি রঙের পায়জামা। স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এ বিষয়ে কাজ করছে। পরিচয় শনাক্তের লক্ষ্যে কোলারহাট থেকে নিমতলা সড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, পরিচয় না পাওয়ায় মরদেহটি এখনো মর্গে রাখা হয়েছে এবং দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *