কবর থেকে ‘পীরের’ মরদেহ তুলে পুনরায় দরবারে দাফনের অভিযোগ


কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ‘পীর’ শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের মরদেহ কবর থেকে তুলে পুনরায় তার দরবার প্রাঙ্গণে দাফনের অভিযোগ উঠেছে ভক্তদের বিরুদ্ধে।

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের। তবে, বিষয়টি জানাজানি হয়েছে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে।

নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান বলেন, সকালে খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি, কবরটি খোঁড়া। মরদেহ তুলে নেওয়ার আলামতও পাওয়া গেছে। পরে দরবার প্রাঙ্গণে গিয়ে একটি নতুন কবর খোঁড়া এবং খাপাচি দিয়ে মাটি চাপা অবস্থায় দেখতে পাই।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সরিয়ে নেওয়ার আলামত পাওয়া গেছে। নতুন কবরের ভেতরে কঙ্কালসদৃশ বস্তু দেখা যাচ্ছে। তবে সেটি শামীমের মরদেহের অংশ কি না, তা নিশ্চিত হতে আরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামীমের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করে হত্যার অভিযোগ উঠে। ময়নাতদন্ত শেষে পরদিন স্থানীয় একটি কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় খাজা আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, স্থানীয় জামায়াত কর্মী রাজিব মিস্ত্রি ও মো. শিহাবের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮০-২০০ জনকে আসামি করা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *