ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি
ইউনিয়ন পরিষদের (ইউপি) ধাপভিত্তিক ভোটের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রবিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আরো কিছু প্রস্তুতি রয়েছে, আচরণবিধি অলরেডি আমরা চূড়ান্ত করেছি। জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, অনেকগুলোই স্থানীয় সরকার নির্বাচনে আমরা এনেছি এবং দুই একদিনের ভিতরে গ্যাজেট নোটিফিকেশন হবে।
ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল কবে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ এ মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে, সেগুলো শেয়ার করব।
তিনি জানান, নভেম্বর-ডিসেম্বর মাস ছাত্র-ছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষকদের জন্য খুব ব্যস্ততার সময়। বিশেষ করে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রিটেস্ট পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলো বিবেচনায় রাখতে হচ্ছে। ভোট কেন্দ্রগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হবেন শিক্ষকেরা। এই দুটি যাতে একই সময় না হয় সে বিষয়টি আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে।
তিনি আরো বলেন, পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে আমরা নির্বাচনের তারিখ নির্ধারণ করব। তবে সুনির্দিষ্টভাবে আমি দিনক্ষণ তারিখ এই মুহূর্তে বলতে পারবো না, একটু সময় দিতে হবে। আমরা কাজ করছি।
