বাসসের প্রধান সম্পাদক ও এমডি কাদের গনি চৌধুরী
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ১০(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, এ নিয়োগের ক্ষেত্রে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্ক থাকা যাবে না।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
