দুই সিটিতে ভোটার এলাকা বদলালেন আসিফ-নাসীরুদ্দীন
স্থানীয় সরকার নির্বাচনের আগে নিজেদের ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ভোটার এলাকা পরিবর্তন করে এনসিপির মুখপাত্র আসিফ ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছেন।
অপরদিকে ঢাকা উত্তর সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন গেলেন ঢাকা দক্ষিণ সিটিতে।
সোমবার দলটির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য জানিয়েছেন।
সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হয়েও ভোট দিতে পারেননি নাসীরুদ্দীন পাটওয়ারী; কারণ সেসময় তিনি ওই এলাকার ভোটার ছিলেন না।
অপরদিকে আসিফ মাহমুদ সংসদ নির্বাচনের আগেই কুমিল্লা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসনে ভোটার হয়েছিলেন; তবে আর প্রার্থী হননি তিনি।
এবার এনসিপির এ দুই নেতার ঢাকার দুই সিটির নির্বাচনে প্রার্থী হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে।
সংসদ নির্বাচনে যেকোনো আসনে ভোটার হলেই প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। তবে স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে সংশ্লিষ্ট এলাকায় ভোটার হতে হয়।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গত ২ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরে ৫ দিন সময় দিয়েছিল নির্বাচন কমিশন। ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। এসব আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত তাদের দলের দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের তথ্য দিয়ে বলেন, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করেছিলেন তারা। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন সেই আবেদন অনুমোদন করেছে।
আসিফ ধানমন্ডি থেকে উত্তর সিটির আওতাধীন আফতাবনগর এলাকায় ভোটার হয়েছেন।
অপরদিকে নাসীরুদ্দীন উত্তরা এলাকা বদলে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
