মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা


প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আমি আজমেরী হক বাঁধনের উদ্দেশে বলব, এটা একধরনের অর্জন, সম্মান প্রাপ্তি যে আওয়ামী লীগের হেনস্তার শিকার হওয়া, একটা মাফিয়া গ্যাংয়ের শিকার হওয়া প্রমাণ করে আপনি সঠিক পথে ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

বাঁধনের ওপর হামলার ঘটনায় ওই দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না। এটা কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না।

তথ্য উপদেষ্টা আরও বলেন, আমার কাছে এভাবে বলতে ইচ্ছা করে, যাঁরা করেছেন (হামলা), তাদের একটু ধন্যবাদও দেওয়া উচিত যে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কী বস্তু, আওয়ামী লীগ কারা করেন, আওয়ামী লীগ কী।

আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলে মনে করেন না বলে জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, ইটস (আওয়ামী লীগ) এ মাফিয়া গ্যাং। এই যে মাফিয়া গ্যাং বলছি, এটা (হামলা) একটা প্রমাণ।

তথ্য উপদেষ্টা আরও বলেন, কেউ কেউ তাদের (আওয়ামী লীগ) রাজনৈতিক দল বলে, তাদের রাজনৈতিক একধরনের অধিকার আছে…আজমেরী হক বাঁধনের ওপর যা হলো আমার মনে হয়…এটা আদৌ রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে তাকে কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তথ্য উপদেষ্টা আরও বলেন, আপনি যা যা ঘটিয়েছেন, তারপর যদি ন্যূনতম দুঃখবোধ থাকত, রাজনীতিতে ফিরে আসা উদ্দেশ্য থাকত, এই সহিংসতাগুলো করা হতো না

সরকার কোনোভাবেই বাঁধনের ওপর হামলার ঘটনা ছেড়ে দেবে না বলে জানান তথ্য উপদেষ্টা। সরকার এ বিষয়ে প্রস্তুত আছে বলে জানান তিনি।

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনার ভিডিও তিনি পোস্ট করেছেন। তাকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।

অভিনেত্রীর অভিযোগ, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার ও প্রকাশের চেষ্টা করেন হামলাকারীরা।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন। গতকাল সোমবার রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে তিনি স্থানীয় একটি পার্কে গেলে এ হামলা ও হেনস্তার ঘটনা ঘটে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *